অটো তে যেতে যেতে চারিদিকে ছোট দের রঙিন মুখগুলো দেখে বেশ মজা লাগছিল। সাদা দাঁত টাই যা বোঝা যাচ্ছিল সবার। হাথে বন্দুক পিচকিরি নিয়ে ভাবটা যেন "কার লো দুনিয়া মুঠঠি মে"।
চারিদিকে এত রং এর মধ্যে নিজেকে সাদা কালো ক্যানভাস লাগছে।
আজ ছুটি নেই। স্যারের হুকুমে কাজ চালিয়ে যেতে হবে। তাতে খুব একটা আপত্তি নেই কিন্তু চারিদিকে এত রং দেখে মন টা সেই ছোটবেলা তে চলে গেলো। ভাই বোন দের সাথে চুটিয়ে রং খেলা আর শেষে মা-কাকিমারা এসে সবাই কে কান ধরে ঘরে নিয়ে যাওয়া। সে এক পাগলামোর দিন ছিল।
পাড়ার বড়ো দাদারা, মনে আছে, রং মেখে ঘুরতে বেরোত। দূর থেকে রং ভর্তি বেলুন ছুরতাম তাদের দিকে। ব্যাস ওই অবধি ছিল বীরত্ব। আর তারা যখন "তবে রে" বলে তেড়ে আসতো, তখন আর কে কোথায়!
ঘরে ঢুকে সোজা খাটের তলায়।
ভুল করে যদি আমাদের মধ্যে কেউ ধরা পড়ে যায় দাদা দের হাথে, তাকে উদ্ধার করার প্ল্যানও আগের দিন ঠিক করে রাখা হতো।
---------------------------------------------------------
সিগনালে এসে দাড়ালো অটো টা, হঠাৎ একজন বাচ্চা মেয়ে এসে উকি মেরে জিগ্যেস করলো,"রং লাগাবো?"
হাথে দেখলাম একটা আবির এর প্যাকেট।
গাল টা বাড়িয়ে দিলাম। সে তার ছোট্ট ছোট্ট চারটে আঙ্গুল দিয়ে, চারটে দাগ দিলো গালে। আমিও দিলাম।
ততক্ষনে সিগনাল সবুজ হয়ে গেছে। আমি ইশারা করতে মেয়ে টি দু পা পিছিয়ে গেল।
রং মাখা হাথ দুলিয়ে বিদায় জানালো আমাকে।
পুরো মুখে ওই দাঁত আর জল জল করছে দুষ্টু চোখ টা খুশি তে আত্মহারা।
"ইস! নাম টাই তো জানা হলো না, যার সাথে আজ একমাত্র হোলি খেললাম!"
#ভালোথেকো


No comments:
Post a Comment